দোকানে কেনাকাটার পর ভিসা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে আর আলাদা পিওএস মেশিনের প্রয়োজন হবে না। নির্দিষ্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে পেমেন্ট টার্মিনালে পরিণত করে সরাসরি কার্ডের পেমেন্ট গ্রহণ করতে পারবেন বিক্রেতারা। দেশে প্রথমবারের মতো ভিসা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যৌথভাবে চালু করেছে ‘ভিসা একসেপ্ট’ নামের এ প্রযুক্তিনির্ভর সেবা।
ডিজিটাল লেনদেন সহজ করা এবং ছোট ব্যবসায়ীদের কার্ড পেমেন্ট গ্রহণের সুযোগ বাড়াতে সেবাটি চালু করা হয়েছে।
‘ভিসা একসেপ্ট’ প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনই কার্ডের পেমেন্ট গ্রহণের ডিভাইস হিসেবে কাজ করবে। ফলে ব্যবসায়ীদের আলাদা করে পিওএস মেশিন কেনার প্রয়োজন হবে না।
এ সেবায় গ্রাহক দুটি উপায়ে মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথমত, ভিসা কার্ড বা মোবাইল ফোন বিক্রেতার স্মার্টফোনে ট্যাপ করে। দ্বিতীয়ত, বিক্রেতার পাঠানো নিরাপদ পেমেন্ট লিংকের মাধ্যমে।
লেনদেন সম্পন্ন হলে গ্রাহকের পরিশোধ করা অর্থ সরাসরি বিক্রেতার ইউসিবি ব্যাংক হিসাবে জমা হবে। যেকোনো ব্যাংকের ইস্যু করা ভিসা কার্ডের গ্রাহকেরা এ সুবিধায় মূল্য পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে গ্রাহকের কোনো অতিরিক্ত চার্জ বা খরচ হবে না।
মূলত ছোট ও অনানুষ্ঠানিক খাতের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সেবাটি চালু করা হয়েছে। প্রচলিত পিওএস মেশিন কেনা যেমন ব্যয়বহুল, তেমনি সেটি পাওয়ার প্রক্রিয়াও অনেক ছোট ব্যবসায়ীর জন্য জটিল। ফলে এখনো অনেক বিক্রেতা নগদ অর্থ বা ব্যাংক লেনদেনের ওপর নির্ভর করেন।
নতুন এ সেবার মাধ্যমে মহল্লার ছোট ও মাঝারি দোকানদার, ফেসবুক ও অনলাইনভিত্তিক উদ্যোক্তা, গৃহভিত্তিক ব্যবসা, ফ্রিল্যান্সার, বিভিন্ন সেবা প্রদানকারী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং হকার বা ফুটপাতের বিক্রেতারা সুবিধা পাবেন।
পিওএস মেশিনের পরিবর্তে নিজের স্মার্টফোন ব্যবহার করেই টাকা নেওয়ার সুযোগ থাকায় বিক্রেতাদের নতুন ডিভাইস কেনার খরচ ও ঝামেলা কমবে। একই সঙ্গে লেনদেনের ডিজিটাল রেকর্ড তৈরি হবে। এতে ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যতে ব্যাংকিং সুবিধা পাওয়ার পথও সহজ হতে পারে।
‘ভিসা একসেপ্ট’ ব্যবহার করে টাকা গ্রহণ করতে হলে বিক্রেতার ইউসিবি ব্যাংকে একটি হিসাব থাকতে হবে। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে সেবাটির জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ইউসিবির গ্রাহকেরা ব্যাংকের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সেবাটি চালু করে পেমেন্ট গ্রহণ শুরু করা যাবে।
তবে বিক্রেতাদের জন্য একটি সার্ভিস চার্জ থাকবে। ভিসার কর্মকর্তারা জানিয়েছেন, এ চার্জ তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং বর্তমানে প্রচলিত অন্যান্য ডিজিটাল পেমেন্ট মাধ্যমের তুলনায় কম হবে।
বাংলাদেশে কার্ডভিত্তিক কেনাকাটার প্রসারে পিওএস মেশিনের দাম ও ব্যবহারের জটিলতা অন্যতম বাধা। ভিসা ও ইউসিবির নতুন এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল লেনদেনের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।
ভিসার কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগির দেশের আরও কয়েকটি ব্যাংকও এ ধরনের সুবিধা চালু করতে যাচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply