স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য বিশেষ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
এই অংশীদারত্বের আওতায় আইসিএবির যোগ্য সদস্যরা প্রযোজ্য শর্ত সাপেক্ষে বিভিন্ন ব্যাংকিং ও লাইফস্টাইল সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে আইসিএবির সদস্যপদ ও প্র্যাকটিশনার ফিতে বিশেষ সুবিধা, নির্বাচিত ব্যাংকিং পণ্যে ক্যাশব্যাক ও ফি মওকুফ, বাছাইকৃত লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা এবং বিনা মূল্যে ডেবিট কার্ড।
এ ছাড়া যোগ্য সদস্যরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রায়োরিটি ব্যাংকিং সেবাও ব্যবহার করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে নিবেদিত রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা, ব্যাংক্যাসুরেন্স সুবিধা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা।
সমঝোতা স্মারক সই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, ১২১ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা সুশাসন, স্বচ্ছতা এবং ব্যবসায়িক নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইসিএবির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।
আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ বলেন, সদস্যদের জন্য সময়োপযোগী ও মূল্যসংযোজনকারী সেবা নিশ্চিত করা প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এই সহযোগিতার ফলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত ও ব্যক্তিগত আর্থিক চাহিদা পূরণে নতুন সুযোগ তৈরি হবে। এতে সদস্যরা তাদের আর্থিক পরিকল্পনা আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন।
সমঝোতা স্মারকে সই করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক এবং আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply