চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। মাসটিতে সংস্থাটি মোট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট আদায় করেছে, যা গত কয়েক বছরের একই মাসের তুলনায় সর্বোচ্চ।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউর ভ্যাট আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের অক্টোবর মাসে আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। এতে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
তবে আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সংস্থাটি। চলতি অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।
এলটিইউ ভ্যাটের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে ভ্যাট আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে আদায় বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় হয় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউর রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল। এমন পরিস্থিতির মধ্যেই অক্টোবরে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। এক মাসে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে গত কয়েক বছরের একই মাসের ভ্যাট আদায়ের রেকর্ড অতিক্রম করেছে সংস্থাটি।
তবে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের পরও লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি থাকায় চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এলটিইউর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply